জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন সিরাজগঞ্জের কৃতি শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। সম্প্রতি তিনি এ পদে যোগদান করেছেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২-এর ১৩(১) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ, এর মধ্যে যেটি আগে ঘটবে, ততদিন তিনি এ পদে বহাল থাকবেন। উপ-উপাচার্য হিসেবে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। এছাড়া তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী নির্ধারিত এবং উপাচার্য কর্তৃক অর্পিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। প্রয়োজনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
ড. মোহাম্মদ আলী জিন্নাহ সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের ধুলগাগড়াখালী গ্রামের সন্তান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে তাঁর নিয়োগে সিরাজগঞ্জবাসী, শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষাঙ্গণের বিভিন্ন মহল আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন।
Tags: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ড. মোহাম্মদ আলী জিন্নাহ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর)