সিরাজগঞ্জ: রায়গঞ্জ উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছুরিকাঘাতে মো. ইলিয়াস খান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইলিয়াস ওই গ্রামের সাত্তার খানের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সন্ধ্যায় এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে কয়েকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় সিয়াম আহমেদের বাবা রাসেলের সঙ্গে ইলিয়াস খানের বাকবিতণ্ডা শুরু হয়। প্রথমে স্থানীয়রা পরিস্থিতি শান্ত করলেও পরে পূর্বের বিরোধকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, এক পর্যায়ে রাসেল ও তার ছেলে সিয়াম আহমেদ ধারাল অস্ত্র দিয়ে ইলিয়াসের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত ইলিয়াসকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তর মৃত্যু হয়। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।
এদিকে অভিযুক্ত রাসেল ও তার ছেলে সিয়াম আহমেদ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
Tags: ছুরিকাঘাত, যুবক নিহত, রায়গঞ্জ
পরবর্তী নিউজ লোড হচ্ছে...