সিরাজগঞ্জে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান বাচ্চু। একই সঙ্গে অকৃতকার্য শিক্ষার্থীদের হতাশ না হয়ে ভুল থেকে শিক্ষা নিয়ে আবার শুরু করার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (১০ আগস্ট) এক ফেসবুক বার্তায় সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘যারা উত্তীর্ণ হয়েছো, অভিনন্দন! তোমাদের পরিশ্রম সার্থক হয়েছে। সামনে আরও বড় স্বপ্নের পথে এগিয়ে যাও।’
অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘হতাশ হয়ো না। একটি ফলাফল কখনোই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না। ভুল থেকে শিক্ষা নিয়ে আবার শুরু করো। ব্যর্থতা শেষ নয়, সফলতার পথে একটি ধাপ মাত্র।’
তিনি আরও বলেন, ‘সবার জন্য রইল শুভকামনা। আজকের ফল নয়, আগামী দিনের চেষ্টা তোমার পরিচয়।’
এদিকে, সিরাজগঞ্জে এ বছর এসএসসি পরীক্ষায় ৩১ হাজার ২৫৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৮ হাজার ২৬৮ জন। জেলায় পাসের হার ৫৮ দশমিক ১৩ শতাংশ। এর মধ্যে ছেলে ৮ হাজার ৮১৬ জন এবং মেয়ে ৯ হাজার ৪৫২ জন।
ছেলেদের পাসের হার ৫২ দশমিক ৯১ শতাংশ হলেও মেয়েদের পাসের হার ৬৪ দশমিক ৭৬ শতাংশ। অর্থাৎ পাসের হার ও পাসের সংখ্যায় দুদিক থেকেই মেয়েরা এগিয়ে রয়েছে। ছেলেদের চেয়ে ৬৩৬ জন বেশি মেয়ে উত্তীর্ণ হয়েছে। জেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯০৭ জন শিক্ষার্থী।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার জেলার ৪৬টি কেন্দ্রে ৩৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সিরাজগঞ্জ সদর উপজেলায় সাতটি, বেলকুচিতে চারটি, কামারখন্দে দুটি, চৌহালীতে চারটি, কাজিপুরে ছয়টি, রায়গঞ্জে সাতটি, শাহজাদপুরে আটটি, তাড়াশে তিনটি এবং উল্লাপাড়ায় পাঁচটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ফলাফলে ১৮ হাজার ২৬৮ জন উত্তীর্ণ হলেও অকৃতকার্য হয়েছে ১৩ হাজার ৮৬ জন শিক্ষার্থী।
Tags: এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, সাইদুর রহমান বাচ্চু
পরবর্তী নিউজ লোড হচ্ছে...