রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যায় বিভাগে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিরাজগঞ্জ জেলা। এ জেলায় মোট পরীক্ষার্থী ৩১ হাজার ৩৫৪ জন।
রাজশাহী শিক্ষা বোর্ড ও জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সিরাজগঞ্জ জেলার ৪৬টি কেন্দ্রে ৩৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে। মোট পরীক্ষার্থীর মধ্যে ছেলে ১৬ হাজার ৬১০ জন এবং মেয়ে ১৪ হাজার ৭৪৪ জন।
উপজেলার ভিত্তিতে কেন্দ্রসংখ্যা হলো- সিরাজগঞ্জ সদরে ৭টি, বেলকুচিতে ৪টি, কামারখন্দে ২টি, চৌহালীতে ৪টি, কাজিপুরে ৬টি, রায়গঞ্জে ৭টি, শাহজাদপুরে ৮টি, তাড়াশে ৩টি এবং উল্লাপাড়ায় ৫টি।
জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, পরীক্ষার্থীর সংখ্যায় শীর্ষে রয়েছে বগুড়া জেলা, যেখানে অংশ নিচ্ছে ৩২ হাজার ১০২ জন। দ্বিতীয় অবস্থানে সিরাজগঞ্জ এবং তৃতীয় স্থানে রয়েছে রাজশাহী জেলা, যেখানে পরীক্ষার্থী ২৮ হাজার ৫৩৭ জন। এছাড়া পাবনায় ২৬ হাজার ৬৭২ জন, নওগাঁয় ২১ হাজার ২৯৯ জন, নাটোরে ১৫ হাজার ৮৭৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ১২ হাজার ৯৫৬ জন এবং সর্বনিম্ন জয়পুরহাট জেলায় ৮ হাজার ৯১১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।
সিরাজগঞ্জের জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল জাব্বার জানিয়েছেন, জেলায় এসএসসি পরীক্ষার সব ধরনের প্রস্তুতি শতভাগ সম্পন্ন হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
Tags: এসএসসি পরীক্ষা, সিরাজগঞ্জ শিক্ষা অফিস