সিরাজগঞ্জ জেলায় হাম প্রতিরোধে ব্যাপক টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে ২০ এপ্রিল থেকে। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের এক ডোজ হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যে ৩ লাখ ৯৪ হাজার ৩৯৬ জনকে অন্তর্ভুক্ত করে জেলা স্বাস্থ্য বিভাগ বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছে।
রোববার (১৯ এপ্রিল) বিকেল ৩টায় সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. নুরুল আমীন।
তিনি বলেন, সোমবার (২০ এপ্রিল) থেকে জেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হবে।
জেলায় ১৪টি স্থায়ী টিকাদান কেন্দ্র এবং ২ হাজার ২৬৪টি অস্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে এ কর্মসূচি পরিচালিত হবে। কমিউনিটি পর্যায়ে ৩ লাখ ৩৮ হাজার ৪১৬ জন এবং স্কুল পর্যায়ে ৫৫ হাজার ৯৮০ জন শিশুসহ মোট ৩ লাখ ৯৪ হাজার ৩৯৬ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সময়সূচি অনুযায়ী, ২০ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত যেকোনো ৮ কর্মদিবসে কমিউনিটি পর্যায়ে এবং ৪ মে থেকে ১০ মে পর্যন্ত যেকোনো ৩ কর্মদিবসে স্কুলভিত্তিক টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
সিভিল সার্জন বলেন, হাম একটি ভাইরাসজনিত অত্যন্ত সংক্রামক রোগ। একজন সংক্রমিত ব্যক্তি টিকাহীন জনগোষ্ঠীতে ১২ থেকে ১৮ জন পর্যন্ত মানুষকে সংক্রমিত করতে পারে। আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে এটি দ্রুত ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে হাম নিউমোনিয়া, ডায়রিয়া ও মস্তিষ্কের প্রদাহসহ গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে।
তিনি অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
Tags: শিশু টিকাদান কর্মসূচি, হাম