“আমাদের মেয়েরাই পারে”— এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের গার্ল ইন রোভার শাখা ২০তম টিউবওয়েল স্থাপনের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয়। পুরো প্রক্রিয়াটিই তারা নিজেরা সম্পন্ন করেছে।
লোকেশন নির্ধারণ থেকে শুরু করে মিস্ত্রি ঠিক করা, টিউবওয়েল, পাইপ, ইট, বালু ও সিমেন্ট ক্রয়সহ প্রতিটি কাজ গার্ল ইন রোভাররাই করেছেন। শুধু দিকনির্দেশনার দায়িত্বে ছিলেন রোভার মো. সাকিব। রোভার মেট তন্নী খানের নেতৃত্বে মেয়েরা সুন্দরভাবে কাজটি সম্পন্ন করে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।
৮ নং হাট পাঙ্গাসী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাহ্মনবাড়িয়া দক্ষিণপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় স্থাপিত এই টিউবওয়েল থেকে প্রতিদিন অসংখ্য মানুষ বিশুদ্ধ পানির সুবিধা পাবেন। পাশাপাশি স্থানীয় মসজিদের মুসল্লিরাও ওযুর কাজে এ টিউবওয়েলের পানি ব্যবহার করতে পারবেন।
সেবা মুক্ত স্কাউট গ্রুপের নেতৃবৃন্দ জানিয়েছেন, মেয়েদের মাধ্যমে এ ধরনের জনকল্যাণমূলক কাজ করিয়ে আনা তাদের আত্মবিশ্বাস ও দক্ষতাকে আরও বাড়াবে। সংগঠনের পক্ষ থেকে যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।
Tags: গার্লস গাইড, সেবা মুক্ত স্কাউট