সিরাজগঞ্জের এনায়েতপুরে গোলামের হোটেলে খেয়ে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জিসান আহমেদ (২৩)। নিখোঁজের প্রায় ১৯ ঘণ্টা পর সোমবার সকালে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এনায়েতপুর স্পার বাঁধের দক্ষিণ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেন রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সদস্যরা।
জিসান আহমেদ গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি প্রতিষ্ঠানে পর্যটন ও আতিথেয়তা বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাহেবপাড়া মহল্লার আকবার আলীর একমাত্র ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৫ অক্টোবর) ঢাকা থেকে চার বন্ধু মিলে সিরাজগঞ্জের এনায়েতপুরে গোলামের হোটেলে খাবার খেতে আসেন। খাবার খাওয়ার পর তারা যমুনা নদীতে গোসল করতে নামেন। এ সময় জিসান পানিতে তলিয়ে যান। তাকে ডুবে যেতে দেখে বন্ধুরা ও স্থানীয় জেলেরা উদ্ধারের চেষ্টা করেন। তবে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পরে খবর পেয়ে এনায়েতপুর থানা পুলিশ ও বেলকুচি ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। দিনভর চেষ্টা চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। পরে রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সদস্যরা সোমবার সকালে অভিযান চালিয়ে নিখোঁজের প্রায় ১৯ ঘণ্টা পর জিসানের মরদেহ উদ্ধার করেন।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ নেওয়ার জন্য পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসেছেন।
জিসানের চাচা জাহিদ আহম্মেদ শিমুল বলেন, খবর পেয়ে তারা মরদেহ নেওয়ার জন্য ঘটনাস্থলে এসেছেন।
Tags: গোলামের হোটেল, গোসল করতে গিয়ে মৃত্যু, যমুনা নদী
পরবর্তী নিউজ লোড হচ্ছে...