সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ওমর ফারুক তালুকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোহিঙ্গা শরণার্থীকে নাগরিক সনদ দেওয়ার অভিযোগের তদন্তে জাল নথি তৈরি ও তথ্য গোপনের সঙ্গে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপাশা হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।
প্রশাসন সূত্র জানায়, গত ২১ জানুয়ারি জেলা প্রশাসক আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে ওমর ফারুক তালুকদারকে সাময়িক বরখাস্ত করা হয়। আদেশে উল্লেখ করা হয়, ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের সাময়িক বরখাস্তকৃত প্যানেল চেয়ারম্যান-১ লিয়াকত আলীর বিরুদ্ধে কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা শরণার্থী শিবিরের এক ব্যক্তিকে নাগরিক সনদ প্রদান সংক্রান্ত অভিযোগ তদন্তের সময় প্রতিবেদন ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে প্রশাসনিক কর্মকর্তা ওমর ফারুক সজ্ঞানে ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযুক্ত চেয়ারম্যানের সঙ্গে যোগসাজশে জাল নথি ও সনদ বই তৈরি করেন।
এছাড়া অফিসের গোপনীয়তা ভঙ্গ করে অভিযোগ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নথিপত্র অভিযুক্ত প্যানেল চেয়ারম্যানের বাড়িতে স্থানান্তরে সহায়তা করার অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে।
কামারখন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিষয়টির তদন্ত করে প্রতিবেদন দাখিল করলে পরবর্তীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়।
প্রশাসন জানিয়েছে, অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত শেষে প্রয়োজন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tags: সিরাজগঞ্জে রোহিঙ্গা