সিরাজগঞ্জ: জেলার ঢাকা-পাবনা মহাসড়কের একটি সেতুর নিচ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) দুপুরে সলঙ্গা থানার ধোপাকান্দি পশ্চিমপাড়া এলাকায় সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম আব্দুস সালাম (৪৫)। তিনি বগুড়া জেলার সদর উপজেলার ঝোপগাড়ী ঠিকাদারপাড়া এলাকার বাসিন্দা এবং আবুল হোসেনের ছেলে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে স্থানীয় কয়েকজন ব্যক্তি সেতুর নিচে একটি মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে খবর দেন। পরে সলঙ্গা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী বলেন, ‘স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মরদেহে দৃশ্যমান কোনো তথ্যের ভিত্তিতে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।’
তিনি আরও বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’
Tags: ধোপাকান্দি, মরদেহ, সেতুর নিচ