আগামী জাতীয় নির্বাচনের জন্য সিরাজগঞ্জের দুই আসনের এলাকাসহ দেশজুড়ে প্রাথমিকভাবে ১০৮ আসনে মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসন ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন দিয়েছে দলটি।
গত ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) রাজধানীর তোপখানা রোডস্থ ফারইস্ট ইন্স্যুরেন্স টাওয়ারের অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সংবাদ সম্মেলনে দলের প্রাথমিক প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসন থেকে শাব্বির আহমদ তামিম মনোনয়ন পেয়েছেন। তিনি সিরাজগঞ্জ জেলার কুড়ালিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা। বর্তমানে তিনি ঢাকার মোহাম্মদপুরে বসবাস করেন। পেশাগতভাবে তিনি একজন ব্যবসায়ী এবং মেডিএইডার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দীর্ঘ ১২ বছর একটি বেসরকারি ব্যাংকে করপোরেট ব্যাংকিং বিভাগে কর্মরত ছিলেন।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বি.এসসি (অনার্স), প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এসসিবিএ সম্পন্ন করেছেন। সমাজসেবামূলক কাজের অংশ হিসেবে তিনি “ডোনেট ফর গুড” নামে একটি দাতব্য সংস্থার প্রতিষ্ঠাতা, যার মাধ্যমে গত পাঁচ বছরে তিন কোটি টাকার খাদ্য বিতরণ ও ২০ হাজার মানুষের বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। তাঁর এই কার্যক্রম সম্পূর্ণ ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে পরিচালিত হয়।
আর সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন থেকে মনোনয়ন পেয়েছেন আনোয়ার সাদাত টুটুল। শাহজাদপুর উপজেলার ধীতপুর গ্রামের সন্তান। তিনি নাটোর এন. এস. গভর্নমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং নাটোর গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল থেকে মাধ্যমিক শেষ করে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গণিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি হ্যান্ডস অব হোপ সোসাইটির চেয়ারম্যান হিসেবে সমাজসেবা, শিক্ষা উন্নয়ন ও মানবকল্যাণমূলক কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন।
একজন সৎ, পরিশ্রমী ও উদ্যমী ব্যক্তি হিসেবে আনোয়ার সাদাত টুটুল শিক্ষা, ব্যবসা ও সমাজসেবায় সমানভাবে নিবেদিত। তাঁর নেতৃত্বগুণ, নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা তাঁকে সমাজে একজন সম্মানিত ও অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
Tags: এবি পার্টি, মনোনয়ন
পরবর্তী নিউজ লোড হচ্ছে...