উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন সিরাজগঞ্জের ৬টি আসনের প্রতিদ্বন্দ্বী এমপি প্রার্থীরা।
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে সারাদিনই ছিল প্রার্থী ও সমর্থকদের ভিড়। এদিন মনোনয়নপত্র জমা দেন সিরাজগঞ্জ-২ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু।
তার পক্ষ থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের হাতে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়া শেষে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সন্ত্রাসমুক্ত সিরাজগঞ্জ গঠন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে তিনি নির্বাচনে অংশ নিয়েছেন।
মনোনয়ন জমা দিয়েছেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলামও। নেতাকর্মীদের নিয়ে তিনি মনোনয়ন ফরম জমা দেন।

জেলার বিভিন্ন আসনে বিএনপি, জামায়াত, এনসিপি, এবি পার্টি ও বিভিন্ন বাম সংগঠনের প্রার্থীরা নিজ নিজ আসনে মনোনয়ন ফরম জমা করেন।
সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আমিনুর রহমান মিঞা জানান, সিরাজগঞ্জের ছয়টি আসনে মোট ৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আরও পড়ুন: জামায়াত-এনসিপি জোটের পরে সিরাজগঞ্জের কোন আসনে কারা প্রার্থী?
Tags: ইকবাল হাসান মাহমুদ টুকু, নির্বাচন ২০২৬