সিরাজগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে সিরাজগঞ্জ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়।

বিকেলে পৌর ভাসানী মিলনায়তন সবুজ চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
বক্তব্যে তিনি বলেন, “জুলাই মাসের গণঅভ্যুত্থান এদেশের গণতন্ত্র রক্ষার এক সাহসী অধ্যায়। সেই লড়াইয়ে শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। স্বেচ্ছাসেবক দল আজও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও রাখবে। তরুণদের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে।”

আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস বলেন, “স্বেচ্ছাসেবক দল ১৯৮০ সালের ১৯ আগস্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন মানুষের দুর্যোগকালীন পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে। আজ তার উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষার সংগ্রামে যুক্ত রয়েছেন।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ভিপি অমর কৃষ্ণ দাস, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান, মুন্সি জাহেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আল আমীন খান, ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সেরাজসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু।
Tags: বিএনপি