সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌকাবাইচ মহড়ায় অংশ নেওয়া একটি নৌকার সঙ্গে বরযাত্রীবাহী শ্যালো ইঞ্জিনচালিত ট্রলারের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৪-১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দহকুলা ব্রীজের পাশে এ দুর্ঘটনা ঘটে। শনিবার (৩০ আগস্ট) সকালে উল্লাপাড়া মডেল থানার এএসআই ওমর ফারুক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
নিহতরা হলেন উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের চাকসা গ্রামের রহিজ মন্ডল (৫০) এবং একই ইউনিয়নের নরসিংহপাড়া গ্রামের নুর মোহাম্মদ (৪৫)।
স্থানীয়রা জানান, চাকসা দক্ষিণপাড়া এলাকার “মায়ের দোয়া এক্সপ্রেস” নামে একটি নৌকাবাইচ দল মহড়া শেষে ফেরার পথে দহকুলা ব্রীজের কাছে পৌঁছালে হঠাৎ বরযাত্রীবাহী ট্রলারটি তাদের নৌকার উপর দিয়ে চলে যায়। এতে নৌকাটি উল্টে পানিতে ডুবে যায় এবং সব বাইচাল পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান।
এএসআই ওমর ফারুক বলেন, “সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন মারা গেছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে।”
এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Tags: নৌকা বাইচ
পরবর্তী নিউজ লোড হচ্ছে...