বাংলাদেশ সরকারের অনুমোদিত ভূমিসেবা সহায়তা কেন্দ্র স্থাপনের মাধ্যমে সাধারণ জনগণের জন্য আধুনিক ও সহজলভ্য ভূমি সংক্রান্ত সেবার সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সিরাজগঞ্জ সদরে চালু হলো ভূমিসেবা সহায়তা কেন্দ্র। এ কেন্দ্র থেকে খতিয়ান (পর্চা), নামজারি, খাজনা পরিশোধ, ভূমি উন্নয়ন কর, খতিয়ান তোলা সহ বিভিন্ন ভূমি সেবা প্রদান করা হবে।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে কাজিপুর রোডে অবস্থিত ‘চিন্তাবৃন্দ’ নতুন ভবনে সিরাজগঞ্জ সদর উপজেলার ভূমিসেবা সহায়তা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ গোলাম হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমিসেবা সহায়তা কেন্দ্রটির উদ্বোধন করেন বাংলাদেশ ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিচালনা কমিটির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদ সদস্য মোঃ হায়দার আলী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই ভূমিসেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা আরও সহজতর, দ্রুত এবং হয়রানিমুক্ত হবে। প্রযুক্তিতে যারা দক্ষ নন, তারাও এখন ভূমি সেবা সহজেই নিতে পারবেন। তবে কেউ যাতে প্রতারণার শিকার না হন, সে বিষয়েও সচেতন থাকতে হবে। এই কেন্দ্র সম্পূর্ণ বিনামূল্যে ভূমি সংক্রান্ত পরামর্শ ও সহায়তা প্রদান করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য ও সিরাজগঞ্জ জেলা শাখার মহাসচিব মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা ইউনিটের সভাপতি মোঃ রফিকুল ইসলাম (রফিক), সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান আলী, বহুল প্রশংসিত ভূমি সহকারী কর্মকর্তা মোঃ গোলাম সারোয়ার, পরিবেশবাদী কর্মী মোঃ শাহাবুদ্দিন মাহমুদ, ইউনিট পর্যায়ের কর্মকর্তা মোঃ রাশেদ খান, সাংবাদিক ও ভূমি সহায়ক কর্মী মোঃ সাইফুল ইসলাম, সিরাজগঞ্জ পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মাহবুব আলম, সদর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আল-আমিন, ইউএনও অফিস সহকারী মোঃ সোহেল রানা, ভূমি অফিস সহকারী মীর সাব্বির হোসেন, এলএস এ- সায়ার মাহমুদুল হাসান, কম্পিউটার কর্মী মোঃ বাকি হাসান, মোঃ ইমরুল, মোঃ তানভীর আহমেদ, মোঃ আনিস আলমসহ প্রমুখ।
ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্যোক্তা, ডিজিটাল উদ্ভাবক ও কেন্দ্রের পরিচালক মোঃ হোসেন আলী বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় মানুষকে সহায়তা করতে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের যাত্রা। এখানে সব ধরনের ভূমি সেবা এবং প্রক্রিয়াগত সহায়তা দেওয়া হবে, সম্পূর্ণ বিনামূল্যে। তিনি আরও বলেন, “এই উদ্যোগের মাধ্যমে সাধারণ জনগণ উপকৃত হবে এবং হয়রানি ছাড়াই ভূমি সংক্রান্ত কাজ করতে পারবে।”
এতে জেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত থেকে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের কার্যক্রমকে স্বাগত জানান।
Tags: ভূমি সেবা