গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা, পেশাগত নিরাপত্তা এবং অধিকার সুরক্ষার বিষয়কে সামনে রেখে সিরাজগঞ্জে মতবিনিময় ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠানে ৩১ সদস্যবিশিষ্ট ‘হিউম্যান জার্নালিস্ট নেটওয়ার্ক, সিরাজগঞ্জ’ গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর ‘ডিফেন্ডিং হিউম্যান রাইটস থ্রু নেটওয়ার্ক স্ট্রেনদেনিং (ডিএইচআরএনএস)’ প্রকল্পের আওতায় এনডিপির মাসুমপুর শাখা কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় ও সংলাপ অনুষ্ঠিত হয়।
এনডিপির নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এমএসএফের প্রধান নির্বাহী অ্যাডভোকেট সাইদুর রহমান। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন এনডিপির উপপরিচালক কাজী মাসদুজ্জামান।
সংলাপে বক্তারা মাঠপর্যায়ের সাংবাদিকতার নানা চ্যালেঞ্জ তুলে ধরে বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতা চর্চা ক্রমেই কঠিন হয়ে উঠছে। বিশেষ করে স্থানীয় পর্যায়ের সাংবাদিকরা তথ্যপ্রাপ্তির সীমাবদ্ধতা, নিরাপত্তা ঝুঁকি, পেশাগত চাপ এবং বিভিন্ন আইনি জটিলতার মুখোমুখি হচ্ছেন। এসব প্রতিবন্ধকতা শুধু সাংবাদিকদের কাজকেই কঠিন করে তুলছে না, বরং গণতান্ত্রিক প্রক্রিয়াকেও দুর্বল করছে।
প্রধান আলোচকের বক্তব্যে অ্যাডভোকেট সাইদুর রহমান বলেন, “গণতন্ত্রের মূল ভিত্তি হলো স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের শাসন। আর এই তিনটি বিষয় নিশ্চিত করার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সাংবাদিকরা যখন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তুলে ধরেন, তখন তারা শুধু সংবাদ প্রকাশ করেন না, বরং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার পথও তৈরি করেন। মাঠপর্যায়ের সাংবাদিকরাই প্রকৃত অর্থে জনগণের কণ্ঠস্বর।”
সভাপতির বক্তব্যে মো. আলাউদ্দিন খান বলেন, সংলাপ, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একটি শক্তিশালী ও দায়িত্বশীল সাংবাদিক নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব। তিনি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। মুক্ত আলোচনায় সাংবাদিকরা মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহের বাস্তব অভিজ্ঞতা, সীমাবদ্ধতা এবং নিরাপত্তা সংকটের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
বক্তারা আশা প্রকাশ করেন, এনডিপি ও এমএসএফের যৌথ উদ্যোগে বাস্তবায়িত এই প্রকল্প স্থানীয় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং নেটওয়ার্কিং শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতা করেন এমএসএফের প্রকল্প সমন্বয়কারী নাজনীন শবনম, ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস মনিটরিং অফিসার ও উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ এবং এনডিপির প্রোগ্রাম অফিসার সুরেশ চন্দ্র পাল।
পরে বিস্তারিত আলোচনা শেষে সাংবাদিক হারুন অর রশিদ খান হাসানকে কনভেনার এবং হীরক গুণকে সদস্যসচিব করে ৩১ সদস্যবিশিষ্ট ‘হিউম্যান জার্নালিস্ট নেটওয়ার্ক, সিরাজগঞ্জ’ গঠন করা হয়।
এ সময় সিরাজগঞ্জের সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজনের জন্য এনডিপি ও এমএসএফ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান অংশগ্রহণকারীরা।
Tags: এনডিপি