জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন নিয়ে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ-২০২৬ সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ন্যাশনাল ট্রায়ালে অংশ নিয়েছেন সিরাজগঞ্জের আট তরুণ ফুটবলার। জেলার বাফুফের তালিকাভুক্ত ওয়ান-স্টার স্বীকৃতিপ্রাপ্ত চারটি ফুটবল একাডেমি থেকে দুজন করে খেলোয়াড় এ ট্রায়ালে অংশ নেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শুরু হওয়া প্রথম দিনের ট্রায়ালে রাজশাহী ও খুলনা বিভাগ থেকে প্রায় ১৫০ জন তরুণ ফুটবলার অংশগ্রহণ করেন। সিরাজগঞ্জের মাছুমপুর ফুটবল একাডেমি, রহমতগঞ্জ ফুটবল একাডেমি, কে কে কালিয়া কান্দাপাড়া ফুটবল একাডেমি এবং আরএফ ফুটবল একাডেমি মাছুমপুর থেকে দুজন করে খেলোয়াড় জাতীয় পর্যায়ের এ বাছাইয়ে অংশ নেন।
অনূর্ধ্ব-১৫ জাতীয় দল গঠনের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করতে আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে ন্যাশনাল ট্রায়াল চলবে। ট্রায়ালের বিভিন্ন ধাপ শেষে দেশসেরা প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে গঠন করা হবে অনূর্ধ্ব-১৫ জাতীয় দল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফের নির্বাহী সদস্য মন্জুরুল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফের টাইটেল স্পন্সর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্র্যান্ডিং অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান রোজার ইবনে আজাদ।
সংশ্লিষ্টরা বলছেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করে জাতীয় পর্যায়ে সুযোগ করে দেওয়ার এমন উদ্যোগ বয়সভিত্তিক ফুটবলের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে সিরাজগঞ্জের চারটি ওয়ান-স্টার একাডেমি থেকে আট খেলোয়াড়ের ন্যাশনাল ট্রায়ালে অংশগ্রহণ জেলার ফুটবলের জন্যও একটি ইতিবাচক অর্জন।
প্রথম দিনের ট্রায়ালে অংশ নেওয়া খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়ন শেষে যারা পরবর্তী ধাপের জন্য উত্তীর্ণ হবেন, তাদের শিগগিরই ফোন করে জানাবে বাফুফে কর্তৃপক্ষ।
Tags: ফুটবল সিরাজগঞ্জ
পরবর্তী নিউজ লোড হচ্ছে...