সিরাজগঞ্জ জেলার বিসিক শিল্পপার্কে নির্বাচনি জনসভা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের আগমন উপলক্ষে সকাল থেকে ভিড় করতে থাকেন নেতাকর্মীসহ সাধারণ মানুষ। তিনি যখন তার বিশেষ বাস নিয়ে সভাস্থলে আসেন তখন পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
শনিবার বিকাল ৪টায় তিনি মঞ্চে উঠলে নেতা-কর্মী-সমর্থকরা করতালি দিয়ে তাকে স্বাগত জানায়।
তারেক রহমান তার স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে মঞ্চে উঠে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

এদিন বগুড়া থেকে সড়কপথে সিরাজগঞ্জে আসেন বিএনপি চেয়ারম্যান। তারেক রহমানকে দেখতে সকাল থেকে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা এবং পাবনা থেকে হাজার হাজার নেতা-কর্মী এই নির্বাচনি সমাবেশে যোগ দেন। বেলা ১২টার মধ্যে সমাবেশস্থল এবং তার পাশপাশের সড়ক কানায় কানায় ভরে যায়।
তারেক রহমান বলেন, স্বৈরাচারী শাসনের সময় জনগণের রাজনৈতিক ও ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সেই অধিকার ফিরিয়ে আনতে আন্দোলন করতে গিয়ে অনেক মানুষ নির্যাতনের শিকার হয়েছেন এবং আত্মত্যাগ করেছেন। তাদের ত্যাগের মূল্যায়ন করতে হলে শুধু সভা-সমাবেশ নয়, ভোটের মাধ্যমেই জবাব দিতে হবে।
তিনি বলেন, ‘যারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে তাদের উপযুক্ত জবাব দিতে হবে।’
এ সময় তিনি আরও বলেন, বিএনপির রাজনীতিতে ধর্ম বা জাত নয়, মুখ্য হচ্ছে বাংলাদেশের মানুষ। সব ধর্ম ও বর্ণের মানুষের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে বিএনপি বিশ্বাস করে।
নারীদের বিষয়ে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা হবে। কর্মসংস্থান সৃষ্টি, প্রশিক্ষণ ও ক্ষুদ্রঋণের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করে তোলা হবে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেন, তারেক রহমানকে দেখতে সিরাজগঞ্জ ও পাবনার প্রত্যন্ত অঞ্চল থেকে নেতাকর্মীরা এসেছেন। প্রায় দুই দশক পর তারেক রহমানকে তারা খুব কাছের থেকে দেখতে পাচ্ছেন।
এদিন বেলা ২টায় কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করছেন জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ।

সমাবেশে সিরাজগঞ্জ ও পাবনার প্রার্থীরা উপস্থিত রয়েছেন। তারা হলেন—সেলিম রেজা (সিরাজগঞ্জ-১), ইকবাল হাসান মাহমুদ (সিরাজগঞ্জ-২), আয়নুল হক (সিরাজগঞ্জ-৩), এম আকবর আলী (সিরাজগঞ্জ-৪), আমিরুল ইসলাম খান (সিরাজগঞ্জ-৫), এম এ মুহিত (সিরাজগঞ্জ-৬); শামসুর রহমান (পাবনা-১), এ কে এম সেলিম রেজা হাবিব (পাবনা-২), হাসান জাফির তুহিন (পাবনা-৩), হাবিবুর রহমান হাবিব (পাবনা-৪) ও শামছুর রহমান শিমুল বিশ্বাস (পাবনা-৫)।
সবশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান।

উত্তরাঞ্চলের তিন দিনের সফরে বৃহস্পতিবার রাজশাহী আসেন তারেক রহমান।
Tags: তারেক রহমান, নির্বাচন কমিশন