গণঅভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগের শীর্ষ ও স্থানীয় অনেক নেতা দেশ ছেড়ে প্রতিবেশী ভারতসহ বিভিন্ন দেশে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। এসব নেতাদের মধ্যে রয়েছেন সিরাজগঞ্জের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা তানভীর শাকিল জয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে উঠে এসেছে, কলকাতায় অবস্থানরত এসব নেতারা নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ ও বাংলাদেশে প্রত্যাবর্তনের কৌশল নিয়ে নিয়মিত আলোচনা করছেন।
প্রতিবেদনে বলা হয়, কলকাতার ব্যস্ত শপিং মলের ফুডকোর্টে কালো কফি ও ভারতীয় ফাস্টফুডের আড্ডায় বসে নির্বাসিত আওয়ামী লীগ নেতারা রাজনৈতিক পুনরাগমনের ছক আঁকছেন। কীভাবে এবং কোন পথে দেশে ফেরা যায়—সে নিয়েই চলছে তাদের আলোচনা।
দ্য গার্ডিয়ানের তথ্যমতে, কলকাতায় আরামদায়ক বাসভবনে অবস্থানরত আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতার মধ্যে নিজেদের শাসনামলে সংঘটিত কথিত মানবাধিকার লঙ্ঘন নিয়ে অনুশোচনা বা আত্মসমালোচনার তেমন কোনো লক্ষণ দেখা যায়নি।
তবে ব্যতিক্রম হিসেবে উঠে এসেছে সিরাজগঞ্জের সাবেক এমপি তানভীর শাকিল জয়ের নাম। আগস্ট ২০২৪ থেকে কলকাতায় অবস্থানরত তিনি অল্প কয়েকজনের একজন, যিনি অতীতের কিছু রাজনৈতিক ভুল স্বীকার করেছেন।
তিনি বলেন, তারা পুরোপুরি গণতান্ত্রিক ছিলেন না এবং কর্তৃত্ববাদী শাসনের পথে এগিয়েছিলেন। বিশেষ করে ২০১৮ সালের নির্বাচন সুষ্ঠু ও কার্যকর হয়নি বলেও তিনি স্বীকার করেন। তবে শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রায় ২০০ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ তিনি নাকচ করে দেন।
তানভীর শাকিল জয় আরও বলেন, বর্তমানে আওয়ামী লীগের জন্য সময়টি অত্যন্ত কঠিন হলেও এটি দীর্ঘস্থায়ী হবে না বলে তিনি বিশ্বাস করেন। তার ধারণা, দেশে ফেরার সুযোগ আসবে, যদিও ফিরলে কারাবরণের ঝুঁকি রয়েছে।
নির্বাসিত আওয়ামী লীগ নেতাদের এই অবস্থান ও প্রত্যাবর্তনের ভাবনা সিরাজগঞ্জসহ সারা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।
উল্লেখ্য সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য তানভির শাকিল জয় এর বিভিন্ন ব্যাংক একাউন্টে ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এছাড়া সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তানভীর শাকিল জয়, তার মা লায়লা আরজুমান্দ বানু, স্ত্রী সাবরিনা সুলতানা চৌধুরীসহ অন্যান্য সদস্যদের বিভিন্ন ব্যাংকে থাকা ৩ কোটি ২৮ লাখ টাকা ফ্রিজ করে।
সিআইডি জানায়, প্রাথমিক অনুসন্ধানে তানভির শাকিল জয় প্রতারণা, জালিয়াতি, চাঁদাবাজি, সংঘবদ্ধ অপরাধ এবং বিদেশে অর্থ পাচারের মাধ্যমে উক্ত বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন বলে জানা গেছে।
Tags: তানভীর শাকিল জয়