সিরাজগঞ্জসহ সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। মোট ২ হাজার ১৬৯টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে।
আজ রোববার (৩১ আগস্ট) প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুসারে, প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য ১১তম গ্রেড এবং প্রশিক্ষণবিহীনদের জন্য ১২তম গ্রেড নির্ধারণ করা হয়েছে। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী এই গ্রেড কার্যকর হবে।

যোগ্যতা:
* স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক/স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
* শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ, সমমানের জিপিএ বা তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।

পরীক্ষা পদ্ধতি:
* লিখিত পরীক্ষা হবে ৯০ নম্বরের, যেখানে বাংলা, ইংরেজি, গণিত, দৈনন্দিন বিজ্ঞান ও সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) অন্তর্ভুক্ত থাকবে।
* লিখিত পরীক্ষায় ন্যূনতম ৫০% নম্বর অর্জন করতে হবে।
* লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে, যার নম্বর ১০।
শিক্ষকতায় আগ্রহী সিরাজগঞ্জের শিক্ষিত তরুণ-তরুণীদের জন্য এটি একটি বড় সুযোগ বলে মনে করছেন স্থানীয় চাকরিপ্রত্যাশীরা।
Tags: প্রাথমিকে প্রধান শিক্ষক