সিরাজগঞ্জ জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) দায়িত্ব গ্রহণের পর প্রথমদিনেই জেলার বিভিন্ন ইউনিট ও থানার কার্যক্রম ঘুরে দেখেছেন।
সোমবার (১ ডিসেম্বর) তিনি পুলিশ লাইন্স সিরাজগঞ্জ ও শহরের একাধিক গুরুত্বপূর্ণ পুলিশ স্থাপনা পরিদর্শন করেন।
দিনের শুরুতে তিনি পুলিশ লাইন্সের রিজার্ভ অফিস, অস্ত্রাগার, ডি-স্টোর, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল, যানবাহন শাখা, সি-স্টোর, ফোর্সের মেস ও ব্যারাক পরিদর্শন করেন। এছাড়া পুলিশ লাইন্স মসজিদ এবং পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের কার্যক্রমও সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরে তিনি সিরাজগঞ্জ থানা, ০১ নং টাউন পুলিশ ফাঁড়ি এবং অফিসার্স মেস পরিদর্শন করে অফিসার ও ফোর্সদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এ সময় তিনি নিয়মিত কার্যক্রম, দায়িত্ব পালন এবং শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজগঞ্জ সার্কেল) মোঃ নাজরান রউফসহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ প্রশাসনের নতুন কর্তা ব্যক্তির এ পরিদর্শনকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
Tags: পুলিশ সুপার, বিভিন্ন ইউনিট ও থানা পরিদর্শন, সিরাজগঞ্জের পুলিশ সুপার