সিরাজগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নজরুল একাডেমি সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে গত বুধবার রাতে শহরের এসএস রোডস্থ নাট্যলোক হলরুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে সন্ধ্যা ৭টায় নজরুল একাডেমির কার্যকরী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দোয়া মাহফিল পরিচালনা করেন। এরপর সভাপতি হিসেবে বক্তব্য রাখেন নজরুল একাডেমির সিরাজগঞ্জ শাখার সভাপতি বিশিষ্ট সাংবাদিক হেলাল আহমেদ।
আলোচনা সভায় বক্তারা নজরুলের সাহিত্যকর্ম, তার আদর্শ ও মানবতাবাদী চেতনার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনায় অংশ নেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য আবদুল মমিন বাবু, বীর মুক্তিযোদ্ধা ও পথনাটক পরিষদের সভাপতি আশরাফুল ইসলাম জগলু চৌধুরী, সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সভাপতি প্রবীণ শিক্ষক গোলজার হোসেন, তরুণ সম্প্রদায়ের কর্মকর্তা ফরিদুল ইসলাম সোহাগ এবং রবীন্দ্র পরিষদের সাধারণ সম্পাদক নূরে আলম হীরা।
স্বাগত বক্তব্য রাখেন নজরুল একাডেমির সাধারণ সম্পাদক রায়হান কবীর মিঠু। পরবর্তীতে সাংস্কৃতিক সম্পাদক ইমরান মুরাদের সঞ্চালনায় কবি নজরুলের গান, কবিতা ও সাংস্কৃতিক পরিবেশনায় সমাপ্ত হয় অনুষ্ঠান।
Tags: কবি কাজী নজরুল ইসলাম