ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জ্বালানি নিরাপত্তা ও সহযোগিতা জোরদারে জাপানের টোকিওতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং সিরাজগঞ্জ-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
টোকিওতে ১৪ ও ১৫ মার্চ অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘ইন্দো-প্যাসিফিক এনার্জি সিকিউরিটি মিনিস্টেরিয়াল অ্যান্ড বিজনেস ফোরাম’-এ যোগ দিতে তিনি বর্তমানে জাপান সফর করছেন।
উচ্চপর্যায়ের এই আন্তর্জাতিক ফোরামটি যৌথভাবে আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের ইউএস ন্যাশনাল এনার্জি ডমিনেন্স কাউন্সিল এবং জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। সম্মেলনে যুক্তরাষ্ট্র, জাপানসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের জ্বালানি মন্ত্রীরা অংশ নিচ্ছেন।
বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তিমুর-লেস্তে ও ভিয়েতনামের প্রতিনিধিরা এতে যোগ দিয়েছেন।
সম্মেলনে অংশগ্রহণকারী মন্ত্রীরা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে একটি শক্তিশালী ও স্থিতিশীল জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার কৌশল নিয়ে আলোচনা করছেন। বিশেষ করে কীভাবে পর্যাপ্ত, নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও নিরাপদ জ্বালানি সরবরাহ নিশ্চিত করা যায়, তা আলোচনার প্রধান বিষয়।

ফোরামের আনুষ্ঠানিক কর্মসূচির পাশাপাশি বাংলাদেশের জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু যুক্তরাষ্ট্র, জাপান ও ব্রুনাইসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে। এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গেও তিনি বৈঠক করবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব আলোচনার মাধ্যমে বাংলাদেশের জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
Tags: ইকবাল হাসান মাহমুদ টুকু