জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবলের সেমিফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে সিরাজগঞ্জ জেলা দল। রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ট মোস্তফা কামাল স্টেডিয়ামে মঙ্গলবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে যশোরকে ২–০ গোলে পরাজিত করে তারা ফাইনালের টিকিট নিশ্চিত করে।
প্রথমার্ধে পেনাল্টি থেকে শিশিরের গোলে এগিয়ে যায় সিরাজগঞ্জ। এরপর দ্বিতীয়ার্ধে পায়েলের চমৎকার এক গোল দলের জয় নিশ্চিত করে। পুরো ম্যাচজুড়ে উভয় দলই একাধিক সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেনি যশোরের ফরোয়ার্ডরা।
ম্যাচের শুরু থেকেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। যশোরও বেশ ভালো লড়াই করলেও শেষ পর্যন্ত গোলের সুযোগ কাজে লাগিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে সিরাজগঞ্জ।
ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন সিরাজগঞ্জের পায়েল।

এ জয়ের ফলে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনালে উঠল সিরাজগঞ্জ জেলা দল। এখন তারা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই আগামী ২২ নভেম্বর দিনাজপুরের বিপক্ষে মাঠে নামবে ফাইনালে।
Tags: সিরাজগঞ্জ জেলা ফুটবল দল