সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি এরশাদুর রহমান নীরু মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে সোমবার (৩১ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এরশাদুর রহমান নীরু সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, জেলা যুবদলের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় যুবদলের আব্বাস-গয়েশ্বর কমিটির রাজশাহী বিভাগীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
মোক্তারপাড়া এলাকার বাসিন্দা নীরু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহচর হিসেবে দলীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন।
মরহুমের নামাজে জানাজা সোমবার বাদ আসর সিরাজগঞ্জের মালশাপাড়া কবরস্থান প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে সেখানেই তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
শোক সংবাদে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এরশাদুর রহমান নীরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Tags: এরশাদুর রহমান নীরু, বিএনপি নেতা
পরবর্তী নিউজ লোড হচ্ছে...