সিরাজগঞ্জে পারফরমেন্স বেজড গ্রান্টস পেলো ৩৯ শিক্ষার্থী: এসএসসি-এইচএসসি পরীক্ষায় সিরাজগঞ্জ সদর উপজেলার সর্বোচ্চ নম্বরধারী সিরাজগঞ্জ সদরের ৩৯ শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউটিউশন স্কিমের আওতায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল জব্বার।
সোমবার (২৮ জুলাই) সকাল ১১ টায় সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল জব্বার।
জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল জব্বার বলেন, পারফরমেন্স বেজড গ্রান্টস কার্যক্রমের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের শিক্ষা অর্জনে উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করা এবং সেরা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করা। যেসব শিক্ষার্থী আজ পুরস্কার ও সম্মাননা পেয়েছো তারা পরিবার ও নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের গর্বের প্রতীক। এই পুরস্কার যেন তাদের ভবিষ্যৎ পথচলায় পাথেয় হয়। পারফরমেন্স বেজড গ্রান্টস কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করবে। ভূমিকা রাখবে শিক্ষার মানোন্নয়নে। শিক্ষকরা দায়িত্বশীল হলে আগামীতে আরও বেশি শিক্ষার্থী এই পুরস্কারের আওতায় আসবে।
২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ সাধারণ শিক্ষা, কারিগরী শিক্ষা ও মাদ্রাসা শিক্ষায় সদর উপজেলার সর্বোচ্চ নম্বরধারী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট, সনদ ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার এলিজা সুলতানা, এছাড়াও আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন সালেহা ইসহাক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফছার আলী, সিরাজগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা, বাগবাটি মডেল টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ এশারত আলী, চরছোনগাছা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ ময়নাল হক, পরিণা বাগবাটি স্কুলের প্রধান শিক্ষক মোছাঃ ফিরোজা বেগম, হাজী আহমাদ কামিল আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মোঃ জমির উদ্দীন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আতিকুর রহমান তালুকদার।
অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসা ও কলেজের প্রধানগণ, সুপারিন্টেন্ডেন্টগণ ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
Tags: জেলা শিক্ষা অফিসার, পারফরমেন্স বেজড গ্রান্টস